২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজ্জীবিত রিয়ালের সামনে ভায়েকানো

গ্রানাদাকে গোল বন্যায় ভাসিয়ে উজ্জীবিত হয়ে ওঠা রিয়াল মাদ্রিদের সামনে এবার পয়েন্ট তালিকার নবম স্থানে থাকা রায়ো ভায়েকানো। লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে রিয়ালের জয়ের বিকল্প নেই। তবে সে লক্ষ্যে প্রতিপক্ষ নয়, কার্লো আনচেলত্তির মূল ভাবনাটা হয়তো নিজেদের নিয়েই। কারণ গত কয়েক মাসে তার দলে যে ধারাবাহিকতার বড্ড অভাব দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 10:11 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

প্রতিপক্ষের মাঠে শেষ দুই ম্যাচে হারের তেতো অভিজ্ঞতাও চোখ রাঙাচ্ছে রিয়ালকে। গত ৭ মার্চ আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হারের পর ২২ মার্চ বার্সেলোনার মাঠে ২-১ গোলে হারে রোনালদোরা। আগামী ম্যাচটিও প্রতিপক্ষের মাঠেই খেলতে হবে মাদ্রিদের দলটিকে।
 
ভায়েকানোর মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।
 
লিগের শীর্ষস্থান খোয়ানোর পর ‘ক্লাসিকো’ হারের হতাশা থাকলেও আন্তর্জাতিক সূচির বিরতি শেষে ক্লাবে ফিরেই জ্বলে ওঠে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা। পয়েন্ট তালিকার তলানির এক ধাপ ওপরে থাকা গ্রানাদাকে ৯-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান বাড়তে না দেওয়ার পাশাপাশি বিশাল ব্যবধানের ওই জয়ে বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে তারা।
 
সব কিছুর মূলে কোচ আনচেলত্তির স্বস্তির বড় জায়গাটা নিশ্চয় দলের সেরা তারকার ফর্মে ফেরা; গত রোববার গ্রানাদার জালে একাই পাঁচটি গোল করেন রোনালদো। ওই ম্যাচে গোল পান আক্রমণভাগের অন্য দুই তারকা করিম বেনজেমা ও বেলও। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কোচের কণ্ঠেও মেলে দলের ছন্দে ফেরার স্বস্তি।
 
এবার তাই গত তিন মাসের ব্যর্থতা ভুলে রিয়ালের ঘুরে দাঁড়ানোর লড়াই। লিগ শিরোপা জেতার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাকি ৯ ম্যাচে ধারাবাহিক সাফল্য পাওয়ার বিকল্প নেই তাদের সামনে। 
 
২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৭, সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা।