২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগ ফুটবলের ‘টাইটেল স্পন্সর’ মান্যবর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুমের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে নবারুণ এক্সপোর্ট ইমপোর্ট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মান্যবর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 04:16 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে রোববার প্রতিষ্ঠানটির চুক্তি হয়। বাফুফের পক্ষে সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও মান্যবরের পক্ষে ভিনটেইজ ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী চুক্তিতে সই করেন।

চুক্তির আর্থিক বিষয়টি কোনো পক্ষই জানায়নি। তবে বাফুফের একটি সুত্র জানায়, প্রায় এক কোটি টাকা দিচ্ছে মান্যবর।

প্রাথমিকভাবে এক বছরের চুক্তি হলেও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, ফুটবলের সঙ্গে লম্বা সময়ের জন্য থাকতে চান তারা।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবাই এক সঙ্গে কাজ করলে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে না যাওয়ার কোনো কারণ দেখি না আমি।”

কেএফসি, আম্বার গ্রুপ, ট্রেজার সিকিউরিটিজ লিমিটেড এবং প্রগতি ইন্স্যুরেন্স-এই চারটি প্রতিষ্ঠান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের ‘অফিসিয়াল পার্টনার’ হিসেবে থাকছে।

আগামী মঙ্গলবার শুরু হবে প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুমের খেলা।