জিতেছে মিলান, ইন্টারের হোঁচট
ইতালির শীর্ষ লিগ সেরি আয় জয় পেয়েছে এসি মিলান। কিন্তু পয়েন্ট হারিয়েছে একই শহরের আরেক দল ইন্টার মিলান।
শনিবার পালেরমোকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারায় মিলান। আর ইন্টার ঘরের মাঠে পার্মার সঙ্গে ১-১ গোলে ড্র করে।
পালেরমোর মাঠে ৩৭তম মিনিটে ইতালির মিডফিল্ডার আলেস্সিও চের্চির গোলে এগিয়ে যায় মিলান। তবে ৭২তম মিনিটে স্বাগতিকদের আর্জেন্টাইন স্ট্রাইকার পাউলো দিবালা গোলটি শোধ করে দিলে জমে ওঠে লড়াই।
শেষ পর্যন্ত অবশ্য অতিথিদের জয়ের পথে বাধা হতে পারেনি পালেরমো। ৮৩তম মিনিটে ফরাসি মিডফিল্ডার জেরেমি মেনেসের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয় মিলানের।
সান সিরোয় ইন্টার-পার্মা ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে। ২৫তম মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার ফ্রেদি গুয়ারিনের নৈপুণ্যে এগিয়ে যায় ইন্টার মিলান। ৪৪তম মিনিটে পার্মার সমতাসূচক গোলটি করেন আলবেনিয়ার ডিফেন্ডার আন্দি লিলা।
এই জয়ে অষ্টম স্থানে থাকা মিলানের পয়েন্ট ২৯ ম্যাচে বেড়ে হলো ৪১। ৩ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে আছে ইন্টার।
