২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরে উঠছেন মেসি

লিওনেল মেসির চোট আক্রান্ত পা সেরে উঠছে। লা লিগায় পরের ম্যাচের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেও জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 06:41 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

আগামী রোববার লিগের ম্যাচে সেল্তা ভিগোর মাঠে খেলতে যাবে বার্সেলোনা। 
 
গত ২২ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। ম্যাচটি ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।
 
চোটটা অবশ্য তেমন গুরুতর ছিল না, ওই ম্যাচের পুরোটা সময়ই মাঠে ছিলেন মেসি। এরপর জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যান আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু পরে এই চোটের কারণে কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনি। মেসিকে ছাড়াই দুটি ম্যাচ জেতে আর্জেন্টিনা।
 
বৃহস্পতিবার মেসি এবং তার স্বদেশি হাভিয়ের মাসচেরানো ক্লাবে ফেরার পর বার্সেলোনার অনুশীলন মাঠে কিছুটা দৌড়ান এবং অল্প শারীরিক অনুশীলন করেন।   
 
এই দিনই বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, মেসির পায়ের অবস্থার উন্নতি হয়েছে এবং আগামীকাল (শুক্রবার) পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
 
২৮ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।