ক্লাসিকোয় বার্সেলোনার পক্ষে বেকেনবাওয়ারের বাজি
জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের বিশ্বাস, কাম্প নউয়ে হতে যাওয়া এবারের 'ক্লাসিকো'য় বার্সেলোনা জিতবে।
আগামী রোববার বার্সেলোনার মাঠে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে লা লিগার দ্বিতীয় পর্বের 'ক্লাসিকো' ম্যাচটি।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে বার্সেলোনাকে তুলনামূলক বেশি সংগঠিত দল মনে করেন বায়ার্ন মিউনিখের সম্মানসূচক সভাপতি।
জার্মান সংবাদ সংস্থাকে বেকেনবাওয়ার বলেন, "বর্তমানে তাদের (বার্সেলোনার) অনেক উপাদান আছে যা রিয়াল মাদ্রিদের জয়ের বিপক্ষে কাজ করবে।"
বার্সেলোনার সম্ভাবনা দেখলেও রিয়ালের মজবুত রক্ষণের প্রশংসা করেন বেকেনবাওয়ার। আর এর সাহায্যে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগিও করতে পারে কার্লো আনচেলত্তির দল।
প্রথম পর্বের মুখোমুখি দেখায় বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। গত অক্টোবরে প্রথম ক্লাসিকোর সময় দুর্দান্ত ফর্মে ছিল লিগের সফলতম ক্লাবটি। ওই ম্যাচের আগে-পরে মিলে টানা ২২ জয়ের রেকর্ড গড়েছিল তারা। আর এবার ঠিক তার উল্টো অবস্থানে আছে কার্লো আনচেলত্তির দল।
২০১৫ সালের শুরু থেকে পথ হারানো রিয়াল তাদের শেষ ১৬ ম্যাচের ৫টিতে হেরেছে। এর মধ্যে তারা নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠতেও ব্যর্থ হয়। ইতোমধ্যে লিগের শীর্ষস্থানও হারিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি।
অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচ জেতা বার্সেলোনা আছে দুর্দান্ত ফর্মে। শেষ ১৮ ম্যাচের ১৭টিতে জেতা ক্লাবটি স্প্যানিশ কাপের ফাইনালে উঠেছে। গত বুধবার রাতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় তারা। আর সম্প্রতি রিয়ালকে হটিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে কাতালুনিয়া ক্লাবটি।
সব মিলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো 'ট্রেবল' জয়ের পথে ভালোভাবেই এগিয়ে চলেছে বার্সেলোনা।
