রোনালদোকে 'সম্মান' মেসির
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত হওয়ার পর বার্সেলোনার সামনে এবার 'ক্লাসিকো' পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসা করলেন লিওনেল মেসি।
সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের ছন্দহীন ফুটবলের বিপরীতে দারুণ ফর্মে থাকা লুইস এনরিকের দল এবারের ক্লাসিকোয় 'ফেভারিটের' তকমা পাচ্ছে। তবে লিওনেল মেসি তেমনটা ভাবছেন না, কারণ হিসেবে প্রতিপক্ষ দলে তারকার সমাবেশের কথা উল্লেখ করেন তিনি। বিশেষ করে এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদোর কথা বলেন মেসি।
স্পেনের ক্রীড়া পত্রিকা এএসকে মেসি বলেন, "রোনালদোকে আমি অনেক সম্মান করি। তাকে নিয়ে মাদ্রিদ অনেক ভয়ঙ্কর একটা দল। আর এটা বলা যায় না যে, সে খারাপ ফর্মে আছে অথবা ফিট নেই।"
লা লিগার দ্বিতীয় পর্বের ক্লাসিকো ম্যাচটি আগামী ২২ মার্চ বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে।
মেসি ও রোনালদোর দল যেমন মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী, তেমনি তাদের নিজেদের মধ্যেও সবসময় চলে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা।
এই যেমন রোনালদো লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়ার কদিন পরেই সেটা তার কাছ থেকে কেড়ে নেন মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলে ৭৮ গোল করে সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন রিয়াল তারকা। ২ গোল কম নিয়ে তৃতীয় স্থানে আছেন মেসি।
এবারের লা লিগায় ৩২টি গোল করে শীর্ষে আছেন আর্জেন্টিনা অধিনায়ক, আর ২ গোল কম করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।
এরকম আরও অনেক পরিসংখ্যানেই তারা দুই জন একে অপরের জন্য বড় চ্যালেঞ্জ।
