ক্লাসিকোয় রোনালদো-বেল-বেনজেমায় আস্থা আনচেলত্তির
বছরের শুরু থেকে ছেলেরা বারবার পথ হারালেও 'ক্লাসিকো' লড়াইয়ে দল নির্বাচনে কোনোরকম 'ফাটকা' খেলতে চানতে চান না কার্লো আনচেলত্তি। ৪-৩-৩ ফর্মেশনের পাশাপাশি আক্রমণভাগে আলোচিত 'বিবিসি' ত্রয়ীতেই আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ কোচ।
গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদোয় গড়া রিয়ালের আক্রমণভাগকে সংক্ষেপে 'বিবিসি' বলে ডাকা হচ্ছে।
ওয়েলসের ফরোয়ার্ড বেল ২০১৩ সালে রিয়ালে যোগ দেয়ার মধ্য দিয়ে বিবিসি গঠনের পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪টি ক্লাসিকোয় রিয়াল মাঠে নামলেও একবারই মাত্র রোনালদো-বেল-বেনজেমাদের একসঙ্গে পেয়েছেন আনচেলত্তি। গত মৌসুমে লিগের দ্বিতীয় পর্বের ওই ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল তার দল।
সাম্প্রতিক সময়ে প্রিয় তারকাদের পারফরম্যান্সের ছন্দপতন হয়তো দুশ্চিন্তায় ফেলেছে রিয়াল সমর্থকদের। তবে একটি ড্র ও টানা দুটি হারের পর গত রোববার লেভান্তেকে হারিয়ে জয়ের পথে ফিরে আনচেলত্তি কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
লেভান্তে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লাসিকো প্রসঙ্গে কথা বলতে গিয়ে আনচেলত্তি তার সম্ভাব্য দল নিয়ে কোনো রাখঢাকও করেননি।
"শুধু গোলরক্ষকের জায়গাটা নিয়ে আমার মনে দ্বিধা আছে।"
গত কয়েক ম্যাচে রিয়ালের ব্যর্থতার অন্যতম কারণ ছিল পোস্টের নিচে ইকের কাসিয়াসের বাজে পারফরম্যান্স। সে কারণে লেভান্তের বিপক্ষে কেইলর নাভাসকে খেলান আনচেলত্তি। এছাড়া ওই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফেরার পর শুরুর একাদশে প্রথমবারের মতো ফেরেন লুকা মদ্রিচ ও সের্হিও রামোস।
একমাত্র মিডফিল্ডার হামেস রদ্রিগেসকে ছাড়া দলের সবাইকেই বার্সেলোনার বিপক্ষে পাচ্ছেন কোচ আনচেলত্তি।
২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আগামী ২২ মার্চ কাম্প নউয়ে মুখোমুখি হবে দল দুটি।
