২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সামনে রোনালদোকে ছোঁয়ার সুযোগ

ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া ক্রিস্তিয়ানো রোনালদোকে ছোঁয়ার সুযোগ এবার হাতছানি দিচ্ছে লিওনেল মেসিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 11:13 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

কাম্প নউতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বার্সেলোনা। এ ম্যাচে জোড়া গোল পেলে পর্তুগিজ ফরোয়ার্ডের রেকর্ডে ভাগ বসাবেন টানা চারবারের বর্ষসেরা মেসি।

ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় গোলের তালিকায় বর্তমানে ৭৬ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মেসি। শীর্ষে থাকা রোনালদোর গোল ৭৮টি।

শালকের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে রিয়ালের সাবেক ফুটবলার রাউল গনসালেসকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নেন রোনালদো। ওই ম্যাচে জার্মানির ক্লাবটির জালে জোড়া গোল করেন বর্তমান ফিফা ব্যালন ডি’অর জয়ী।

গোলের এই তালিকায় এ মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ালের সাবেক ফুটবলার রাউল গনসালেস; ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় ৭৭টি গোল করেন স্পেনের এই সাবেক ফুটবলার।