রোনালদো ও বেলের প্রশংসায় আনচেলত্তি
তিন ম্যাচ পর জয় পেয়ে ভীষণ খুশি কার্লো আনচেলত্তি। লেভান্তে ম্যাচ শেষে স্বস্তির জয়ের দুই নায়ক গ্যারেথ বেল ও ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসায় তাই পঞ্চমুখ রিয়াল মাদ্রিদ কোচ।
গত তিন সপ্তাহে ১টি ড্র ও ২টি হারের পর রোববার রাতে প্রথম জয়ের দেখা পায় রিয়াল।
সান্তিয়াগো বের্নাবেউয়ের এই ম্যাচে লেভান্তের জালে জোড়া গোল করেন গ্যারেথ বেল। তবে ২-০ ব্যবধানে জেতা ম্যাচটির উভয় গোলেই অবদান ছিল রোনালদোর।
১৮তম মিনিটে রোনালদোর একটি সিজার-কিক গোললাইন থেকে ফিরিয়ে দেয় লেভান্তের এক খেলোয়াড়। ফিরতি বল পেয়েই ছোট ডি বক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করেন বেল। আর ৪০তম মিনিটে বেলের দ্বিতীয় গোলটিতে তো মূল কৃতিত্ব রোনালদোরই; ডি বক্সের ডান দিক থেকে নেয়া তার জোরালো কোনাকুনি শটটা লক্ষ্যেই ছিল, কিন্তু মাঝ পথে বল ওয়েলসের এই ফরোয়ার্ডের পায়ে লেগে জালে জড়ায়।
সংবাদ সম্মেলনে আনচেলত্তিও গোল দুটির উদাহরণ টেনে রোনালদোর প্রশংসা করেন।
“গোললাইনে রুখে দেয়া তার শটটি থেকেই প্রথম গোলটির জন্ম। দ্বিতীয়টিও ক্রিস্তিয়ানোর প্রচেষ্টা থেকেই হয়। গ্যারেথ বেলের উভয় গোলের মূলেই সে ছিল। সে গোল পায়নি কিন্তু ম্যাচে সে প্রাণবন্ত ছিল।”
আর আট ম্যাচ পর গোল পাওয়া বেলের প্রশংসায় আনচেলত্তি বলেন, “আমি আরও বেশি অনুপ্রাণিত বেলকে দেখেছি, যার মধ্যে আরও কিছু করার আকাঙ্খা ছিল।”
রোববার রাতের এই জয়ের পর ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
