২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলের জোড়া গোলে জয়ের পথে রিয়াল

তিন সপ্তাহে একটি ড্র ও দুটি হারের পর জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেলের জোড়া গোলে লা লিগায় লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 03:58 AM

Updated : 12 Oct 2022, 03:26 PM

রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের দুটি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে।

শনিবার রাতে এইবারকে হারিয়ে ৪ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনতে তাই জয়ের বিকল্প ছিল না রিয়ালের। তাছাড়া টানা দুটি হারের ধাক্কা সামলে ছন্দে ফেরাটাও জরুরী ছিল তাদের, দরজায় যে কড়া নাড়ছে 'ক্লাসিকো'।

ঘুরে দাঁড়াতে দলে পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। চোট কাটিয়ে ফেরার পর এই প্রথম রিয়ালের শুরুর একাদশে ফেরেন সের্হিও রামোস ও লুকা মদ্রিচ। আর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার পোস্টের নিচে ব্যর্থ হওয়া ইকের কাসিয়াসের জায়গায় ঢোকেন কেইলর নাভাস।

দ্বিতীয় মিনিটেই ভালো একটি আক্রমণ করে রিয়াল। চমৎকার নৈপুণ্যে গোলের সুযোগও তৈরি করেন গ্যারেথ বেল, কিন্তু শটটা লক্ষ্যে রাখতে পারলেন না।

চতুর্থ মিনিটে আরও বড় হতাশায় পোড়ে রিয়াল; ক্রিস্তিয়ানো রোনালদোর শট পোস্টে লেগে ফিরে আসে।

১৮তম মিনিটে আর হতাশ হতে হয়নি স্বাগতিকদের, দলকে এগিয়ে দেয়ার মধ্য দিয়ে গোল খরা কাটান বেল। গোলটির খানিক আগেই রোনালদোর একটি সিজার-কিক গোললাইন থেকে ফিরিয়ে দেয় লেভান্তের এক খেলোয়াড়। ফিরতি বল পেয়েই ছোট ডি বক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করেন ওয়েলসের ফরোয়ার্ড।

৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেল, যদিও গোলটিতে মূল কৃতিত্ব ছিল রোনালদোর। ডি বক্সের ডান দিক থেকে নেয়া তার জোরালো কোনাকুনি শটটা লক্ষ্যেই ছিল, কিন্তু মাঝ পথে বল বেলের পায়ে লেগে জালে জড়ায়।  

বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে রিয়াল। ৬৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ দুটি সুযোগ নষ্ট করেন করিম বেনজেমা। রোনালদোর ক্রসে ফরাসি স্ট্রাইকারের প্রথম প্রচেষ্টা পোস্টে বাধা পায়, ফিরতি বল-এ তার দ্বিতীয় শটটি একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৭০তম মিনিটে হ্যাটট্রিকের সহজতম সুযোগ নষ্ট করেন বেল। বেনজেমার পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

যোগ করা সময়ে খুব কাছ থেকে রোনালদো আরেকটি গোলের সুযোগ নষ্ট করলে রিয়ালের জয়টা আর বড় হয়নি।

এই জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৭ ম্যাচে বেড়ে হলো ৬৪। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫।