২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোর আগে রিয়ালের ছন্দে ফেরার লড়াই

দরজায় কড়া নাড়ছে 'ক্লাসিকো', কিন্তু শিষ্যদের ছন্দহীনতা দুশ্চিন্তায় ফেলেছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ফিরে পাওয়ার একটা সুযোগ পাচ্ছে স্পেনের সফলতম দলটি। সে লক্ষ্যে লিগে লেভান্তের সঙ্গে ঘরের মাঠে খেলবে রোনালদো-বেলরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 02:05 AM

Updated : 25 Apr 2022, 01:08 PM

রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। 
 
তাছাড়া শনিবার রাতে এইবারকে হারিয়ে বার্সেলোনা ৪ পয়েন্টে এগিয়ে গেছে। তাই ব্যবধান আগের অবস্থানে রেখে শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতেও জযের বিকল্প নেই রিয়ালের। 
 
২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬১।  
 
মৌসুমের প্রথম অর্ধ্বে দুর্দান্ত খেললেও নতুন বছরের শুরু থেকেই পথ হারায় রিয়াল। বারবার হোঁচট খেতে থাকা দলটির গত দুই সপ্তাহে যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচ হেরেছে তারা, তার আগে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রাজধানীর দলটি। 
 
টানা তিন ম্যাচের এই ব্যর্থতার মধ্যে সবশেষ গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ফিরতি লেগে শালকের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারে রিয়াল। তবে ওই হারের পরও দুই লেগ মিলে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা।
 
ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকলেও ধারাবাহিক ব্যর্থতা আনচেলত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। আগামী ২২ মার্চ বার্সেলোনার মাঠে খেলতে যাবে তার দল। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে ছন্দ ফিরে পাওয়াটা তাই বড় জরুরী রিয়ালের জন্য। আর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা লড়াইয়ে টিকে থাকতেও পুরনো রূপে ফেরার বিকল্প নেই তাদের।
 
রিয়ালের এই লক্ষ্য অর্জনে লেভান্তে বেশ সহজ প্রতিপক্ষই বলা চলে। লিগের পয়েন্ট তালিকায় ২৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে আছে তারা।