২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোর আগে এইবারের মাঠে বার্সা

লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ এসেছে বার্সেলোনার সামনে। এই লক্ষ্যে শনিবার রাতে এইবারের মাঠে খেলতে যাবে লুইস এনরিকের দল। বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দল দুটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

লিগের প্রথম পর্বে এইবারকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। প্রথমবারের মতো স্পেনের শীর্ষ লিগে খেলার সুযোগ পাওয়া দলটির বিপক্ষে এবারও নিশ্চয়ই বড় জয়ের আশা করছে বার্সেলোনা।

গত রোববার রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা তাদের শেষ চারটি ম্যাচেই জিতেছে। ওই ম্যাচে তিন গোল করে লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়েন লিওনেল মেসি। জোড়া গোল করেন দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেসও। আর নেইমার তো মৌসুমের শুরু থেকেই ভালো ফর্মে আছেন। আক্রমণভাগের এই তিন তারকার ধারাবাহিক সাফল্যও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে লিগের শীর্ষে থাকা দলটিকে।

তাছাড়া কোনো রকম অঘটন ঘটলে আবার শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে যাবে বার্সেলোনা। কারণ পরদিনই শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পেয়ে যাবে রিয়াল। রোববার লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দু:সময়ের মধ্যে থাকা কার্লো আনচেলত্তির দল।

২৬ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৬২। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

এই ম্যাচের পর ৪ দিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুটি লড়াইয়ে নামবে বার্সেলোনা। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে দলটি। আর আগামী ২২ মার্চ লিগের দ্বিতীয় 'ক্লাসিকো'য় নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে মেসি-নেইমাররা।

তাই এই দুই বড় ম্যাচের আগে এইবারের বিপক্ষে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছে বার্সেলোনা।