২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুন খেয়ে ইংলিশদের গুণ গাইলেন মরিনিয়ো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজের দল চেলসি ছিটকে পড়ার পর জোসে মরিনিয়ো এবার ম্যানচেস্টার সিটির সমর্থক বনে গেলেন। তার আশা, বার্সেলোনাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 02:12 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ফিরতি লেগে বার্সেলোনার মাঠ কাম্প নউতে খেলবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল মানুয়েল পেল্লেগ্রিনির দল।

বার্সেলোনার বিপক্ষে সিটিকে সমর্থন করার পেছনে অবশ্য 'বার্সেলোনা বিদ্বেষ' বা 'সিটি প্রীতি' নেই মরিনিয়োর। ইংলিশ ফুটবলের সম্মান বাঁচাতেই তার এই সমর্থন।

ইংল্যান্ডের একটি পত্রিকাকে মরিনিয়ো বলেন, "আশা করি, সিটি বার্সাকে ছিটকে ফেলবে কারণ এটা ইংলিশ ফুটবলের সম্মানের প্রশ্ন, যেখানে আমি কাজ করি।"

বার্সেলোনাকে তাদেরই মাটিতে হারানোটা সিটির জন্যে খুবই কঠিন হবে বলে মনে করেন মরিনিয়ো। তবে সের্হিও আগুয়েরো ও দাভিদ সিলভাদের পক্ষে সেটা সম্ভব বলেও বিশ্বাস করেন পর্তুগিজ এই কোচ।

ফ্রান্সের ক্লাব পিএসজির সঙ্গে দুই লেগ মিলে ৩-৩ গোলে সমতায় থাকলেও প্রতিপক্ষের মাঠে কম গোল করায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় চেলসি।

ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় অবশ্য এখনও ইংল্যান্ডের আরেকটি ক্লাব আর্সেনাল টিকে আছে। তবে তাদের অবস্থাও খুব একটা ভালো নয়, সেরা ষোলোর প্রথম লেগে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছিল এমিরেটসের দলটি।