আন্তর্জাতিক ফুটবলকে ফোরলানের বিদায়
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের খেলোয়াড় দিয়েগো ফোরলান।
বৃহস্পতিবার তার বর্তমান ক্লাব জাপানের সেরেসো ওসাকায় এক সংবাদ সম্মেলনে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফোরলান।
উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচ খেলে ৩৬ গোল করা ফোরলান মোট তিনটি বিশ্বকাপ খেলেন। আর ২০১১ সালে দেশকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন তিনি।
জাতীয় দলকে বিদায় বলাটা তার জন্যে খুব কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানান ফোরলান।
২০১০ সালে বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ফোরলান বলেন, "আমার মনে হয়েছিল এটাই সময়। সবকিছুরই একটা শুরু থাকে এবং একটা শেষ- আমার মনে হয়েছে নতুনদের পথ করে দেয়ার এটাই সময়।"
৩৫ বছর বয়সী ফোরলান অবশ্য এখনই ফুটবলকে বিদায় জানাচ্ছেন না। ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে চান।
