মেসির সাফল্যের মূলমন্ত্র শান্তি
লা লিগায় বার্সেলোনার হয়ে সবচেয়ে কমবয়সে গোল করার রেকর্ড গড়া দিয়ে শুরু, এরপর একে একে স্পেনের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি হ্যাটট্রিক, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোল, আরও কত না রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। টানা চারবারের বর্ষসেরা এই তারকা হয়ে উঠেছেন ক্লাবের মধ্যমণি। এতসব অর্জনের মূলমন্ত্র কি?
আর্জেন্টিনা অধিনায়ক জানালেন, শান্তিপূর্ণ জীবনই তাকে খেলোয়াড়ি জীবনে সাফল্য এনে দিয়েছে।
ফোরফোরটুকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, দৈনন্দিন জীবনে শান্ত থাকার কারণেই নিজের ফুটবল সামর্থ্য বুঝতে পেরেছেন তিনি।
"আমি নীরবতা ও শান্তিতে থাকতে পছন্দ করি। আমি সবচেয়ে সতর্কভাবে গাড়ি চালাই, আমি জিমনেশিয়াম যাই শান্তি পেতে এবং ভাবতে।"
অনেকের কাছেই বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মেসি, কেউ কেউ আবার তাকে ইতিহাসের সেরা ভাবেন। কেউ তাকে দিয়েছে ফুটবল জাদুকরের খেতাব। মেসি জানালেন, নিজের ভাবনা আর মেধা অনুযায়ীই ফুটবলটা খেলেন তিনি।
"সবসময় আমি সেরা কৌশল অথবা সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে থাকি এবং আমার প্রতিপক্ষরা আমার কি খেলা প্রত্যাশা করছে তা এড়ানোর চেষ্টা করি।"
আর ফুটবলটা তো শুধু একটা খেলা, তাই এটাকে স্বাভাবিকভাবেই খেলার চেষ্টা করেন মেসি। ড্রেসিং রুমে কোনোরকম চিৎকারও করেন না বলে জানান তিনি।
ক্যারিয়ারে মাঝে মধ্যে খারাপ সময়ও পার করেছেন মেসি। আর ওই সময়গুলোতে স্বাভাবিকভাবেই চাপে ছিলেন তিনি। তবে চাপটাকে খুব একটা পাত্তা দেননি ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মেসি, বরং আরও ভালো খেলোয়াড় হতে সেটাকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।
"পায়ের নিচে ঘাসের স্পর্শ পেলেই আমি নিরাপদ বোধ করি। আরও ভালো খেলোয়াড় হতে আমি চাপটাকে ব্যবহার করি কারণ এটা আমার খেলাকে উন্নত করতে সাহায্য করি।"
একান্ত ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মেসি। জানান, তার ছেলে চিয়াগোই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।"
