২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোনালদো-বেলের চেয়ে এগিয়ে মেসি-নেইমাররা'

মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোর আগে ফের আলোচনায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুর্দান্ত আক্রমণভাগ। তারকায় ঠাসা দল দুটির আক্রমণভাগের তুলনা করতে গেলে হয়তো কোনো উপসংহারে পৌঁছানো সম্ভব নয়। তবে নেইমারের বিশ্বাস, তার সঙ্গে লিওনেল মেসি ও সুয়ারেসকে নিয়ে বার্সেলোনার আক্রমণভাগ চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:55 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

এই মৌসুমে সুয়ারেস বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আক্রমণ ত্রয়ী নিয়ে তুলনার শুরু। গণমাধ্যমে এই দুই ক্লাবের তারকা সমৃদ্ধ আক্রমণভাগ ভিন্ন দুটি নামও পেয়েছে। গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে গড়া রিয়ালের আক্রমণভাগকে বলা হচ্ছে 'বিবিসি'। আর মেসি, সুয়ারেস, নেইমারদের বলা হচ্ছে 'এমএসএন'।

বুধবার একটি অনুষ্ঠানে বিবিসির চেয়ে এমএসএনকে এগিয়ে রাখেন নেইমার।

ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, "আমি এটাই মনে করি (এমএসএন বিবিসির চেয়ে ভালো), কিন্তু আমি প্রতিপক্ষকে নিয়ে আলোচনা করতে চাই না।"

চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে নিজেদের এগিয়ে রাখলেও মেসি ও সুয়ারেসের সঙ্গে তার ত্রয়ীই বিশ্বের সবচেয়ে সেরা আক্রমণ কি না, তা অবশ্য জানেন না নেইমার।

"আমি জানি না (মেসি, সুয়ারেস ও আমি) সেরা ত্রয়ী কি না, কিন্তু আমরা প্রতিপক্ষ দলে কিছু ক্ষতি করার চেষ্টা করি।"

'বিবিসি' ও 'এমএসএন' এর সবাইকে নিয়ে এ পর্যন্ত একবারই মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত ২৫ অক্টোবর সান্তিয়াগো বের্নাবেউয়ে হওয়া ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। বার্সেলোনার একমাত্র গোলটি করেছিলেন নেইমার। স্বাগতিকদের তিন গোলদাতা ছিলেন রোনালদো, পেপে ও বেনজেমা।

মৌসুমের ওই সময় অবশ্য দুর্দান্ত ফর্মে ছিল রিয়াল। চিত্রপটে পরিবর্তন এসেছে, নতুন বছরে এই দুই দলে ঠিক উল্টো চিত্র। মেসি-নেইমারদের ধারাবাহিক সাফল্যে জিতেই চলেছে বার্সেলোনা। আর রোনালদো-বেলদের ছন্দ হারানোয় বারবার হোঁচট খাচ্ছে রিয়াল।

আগামী ২২ মার্চ বার্সেলোনার মাঠে হতে যাওয়া এবারের ক্লাসিকোয় তাই সাফল্যের আশা করতেই পারে স্বাগতিক সমর্থকেরা।