২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাখতারের জালে বায়ার্নের গোল উৎসব

প্রথম দেখায় বায়ার্ন মিউনিখকে ঠেকিয়ে রেখেছিল শাখতার দোনেৎস্ক। দ্বিতীয়বার আর পারেনি তারা। তাদের জালে সাতবার বল পাঠিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 09:20 AM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শাখতারের মাঠে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। বুধবার আলিয়াঞ্জ আরেনায় দ্বিতীয় ম্যাচে ৭-০ গোলের বড় জয় তুলে নেয় বায়ার্ন। এই জয়ে নক আউট পর্বে নিজেদেরই গড়া সবচেয়ে বড় জয়ের রেকর্ড স্পর্শ করে গার্দিওলার শিষ্যরা।
 
২০১২ সালে সুইজারল্যান্ডের এফসি বাসেলকে ৭-০ গোলে হারিয়েছিল বায়ার্ন।
 
তৃতীয় মিনিটেই শাখতারের ওলেকসান্দার কুচার লালকার্ড দেখে মাঠ ছাড়েন। প্রায় পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা ইউক্রেনের দলটি কোনো প্রতিরোধই গড়তে পারেনি। 
 
ইউরোপ সেরা ক্লাবের প্রতিযোগিতায় এই মৌসুমে ঘরের মাঠে চারটি ম্যাচেই জেতে বায়ার্ন। জার্মানির সফলতম দলটি চার ম্যাচে করে ১৩ গোল।
 
চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন টমাস মুলার। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আরেকটি গোল করেন এই তারকা খেলোয়াড়।
 
বায়ার্নের হয়ে একটি করে গোল করেন জেরোম বোয়াটেং, ফ্রাঙ্ক রিবেরি, হোলগার বাডস্টুবার, রবের্ত লেভানদোভস্কি ও মারিও গোটসে।
 
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।