চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির বিদায়
দুইবার এগিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি চেলসির। বেশির ভাগ সময় ১০ জনকে নিয়ে খেলেও সাবেক চ্যাম্পিয়নদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়েছে পিএসজি।
বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে উত্তেজনা ছড়ানো ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এর আগে পিএসজির মাঠে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শেষ আটে পৌঁছায় পিএসজি।
৮১তম মিনিটে গ্যারি ক্যাহিলের গোলে এগিয়ে যায় চেলসি। পাঁচ মিনিট পর তাদেরই সাবেক খেলোয়াড় দাভিদ লুইসের গোল খেলায় সমতা ফেরায়।
১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে আবার এগিয়ে নেন এডেন হ্যাজার্ড।
১১৪তম মিনিটে চিয়াগো সিলভার দারুণ হেডে আবার সমতা ফেরায় পিএসজি। এই ডিফেন্ডারের ফাউলের কারণেই ৯ মিনিট আগে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।
