আনচেলত্তির ছিটকে পড়ার শঙ্কা
সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফরম্যান্সে দুশ্চিন্তায় পড়েছেন কার্লো আনচেলত্তি। ফিরতি লেগে শালকের কাছে হারের পরও কোনোমতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলেও নিশ্চিত হতে পারছেন না রিয়াল কোচ। তার আশঙ্কা, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে না পারলে প্রতিযোগিতায় বেশিদূর যেতে পারবে না রিয়াল।
এই মাসের শুরুতে লিগে ভিয়ারিয়ালের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করার পর গত শনিবার আথলেতিক বিলবাওয়ের মাঠে একমাত্র গোলে হারে রিয়াল। এরই মধ্যে লিগের শীর্ষস্থানও হারিয়েছে তারা।
আর গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শালকের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি রিয়াল; সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দুই লেগ মিলে ৫-৪ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ আটে ওঠে তারা।
কোয়ার্টার-ফাইনালের টিকেট মিললেও টানা তিন ম্যাচে খেলোয়াড়দের ছন্দ হারিয়ে ফেলাটা তাই ভাবিয়ে তুলেছে আনচেলত্তিকে।
ঘরের মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে দুইবার সমতায় ফেরা আর করিম বেনজেমার গোলে রিয়াল একবার এগিয়ে গেলেও ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য ছিল শালকেরই। রোনালদো-বেল-বেনজেমাদের অনেক ভুলের মাঝে রক্ষণভাগেরও অনেক ভুল চোখে পড়ে। গোলরক্ষক ইকের কাসিয়াসের বাজে পারফরম্যান্সও হয়তো আনচেলত্তির ভাবনার অন্যতম কারণ।
"আমরাই প্রথমে বলছি যে আমরা খারাপ খেলেছি, তাই দুয়ো আমাদের প্রাপ্য।"
