হেরেও টিকে রইলো রিয়াল
লা লিগার পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হারলো রিয়াল মাদ্রিদ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত ইউরোপ সেরার লড়াইয়ের কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বস্তিতেই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
নাটকীয়তায় ভরা এক লড়াইয়ে মঙ্গলবার রাতে রিয়ালকে ৪-৩ ব্যবধানে হারায় শালকে। কিন্তু দুই লেগ মিলে ৫-৪ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় জার্মানির ক্লাবটিকে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল রোনালদোরা।
চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচ জয়ের পর হারল কার্লো আনচেলত্তির দল।
এক সপ্তাহের ব্যবধানে লা লিগায় দুবার অঘটনের শিকার হওয়া রিয়ালের আক্রমণভাগ এই ম্যাচের শুরুতেও ছিল ছন্দহীন। প্রথম থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানোর চেষ্টা করলেও রোনালদো, বেল, বেনজেমাদের একের পর এক ভুল পাসে আক্রমণগুলো শুরুতেই ভেস্তে যাচ্ছিল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে স্বাগতিকদের ভুলের মাঝে শালকে অবশ্য বেশ গোছানো খেলা শুরু করে। দশম মিনিটে ম্যাচে প্রথম সুযোগও পায় তারা। কিন্তু পাল্টা আক্রমণে বাঁ-দিক থেকে জার্মান মিডফিল্ডার মাক্স মায়ারের বাড়ানো বল-এ লক্ষ্যভ্রষ্ট শট নেন ক্যামেরুনের স্ট্রাইকার এরিক মোতিং।
পরের পাঁচ মিনিটে আরও দুটি আক্রমণ করে অতিথিরা। কোনোটিই অবশ্য কাজে লাগাতে পারেনি দলটি। তবে বিংশ মিনিটে শালকেকে আর আটকে রাখতে পারেনি রিয়ালের রক্ষণ। দায় এড়াতে পারবেন না গোলরক্ষক ইকের কাসিয়াসও।
ডি বক্সের ডান দিক থেকে ক্লাস-ইয়ান হুন্টেলারের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের জোরালো শট নেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ক্রিস্টিয়ান ফুকস। বলের লাইনেই ছিলেন কাসিয়াস, কিন্তু তার হাতে লেগে বল জালে জড়ায়।
বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকতে হয়নি রিয়ালকে। পাঁচ মিনিট পরেই টনি ক্রুসের কর্নারে হেড করে দলকে সমতায় ফেরান রোনালদো।
৪০তম মিনিটে আবারও এগিয়ে যায় শালকে। মুহূর্ত আগে হুন্টেলারের দুর্দান্ত একটি শট পোস্টে লাগে, কিন্তু বল রিয়ালের বিপদ সীমানাতেই ছিল। খানিক পরেই ডি বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের শটে বল জালে পাঠান এই ডাচ স্ট্রাইকার।
এবারও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি শালকে। এবং আবারও রিয়াল সমর্থকদের স্বস্তি ফেরান দলটির সবচেয়ে বড় তারকা রোনালদো। বাঁ-দিক থেকে স্বদেশি ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রসে হেড করে স্কোর ২-২ করেন এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী।
এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসিকে স্পর্শ করলেন রোনালদো। দুজনেরই গোল এখন ৭৫টি।
এটা ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রিয়ালের হয়ে ৫৯ ম্যাচে রোনালদোর ৬০তম গোল।
বিরতির পর সপ্তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি বক্সের মধ্যে বল পায়ে আড়াআড়ি দৌড়ে গোলরক্ষকসহ তিন জনের বাধা এড়িয়ে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার।
নাটকীয়তার ভরা লড়াইয়ে অবশ্য রিয়াল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। পাঁচ মিনিট পরেই ডি বক্সের বাইরে থেকে জার্মান মিডফিল্ডার লেরোয় সানের বাঁ-পায়ের শটে ৩-৩ সমতায় ফেরে শালকে।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রূপ নেয়। এরই মধ্যে ৮৪তম মিনিটে হুন্টেলার নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৪-৩ করার সঙ্গে সঙ্গে পুরো বের্নাবেউ যেন স্তব্ধ হয়ে যায়। আর শালকের দর্শকরা মেতে ওঠে উল্লাসে। কারণ আর একটি গোল করতে পারলে অ্যাওয়ে গোল বেশি দেয়ার সুবাদে রিয়ালকে পেছনে ফেলে যে তাদের প্রিয় দল উঠে যাবে শেষ আটে।
বাকি সময়ে ধারাবাহিকভাবে আক্রমণ করে যাওয়া শালকে বেশ কয়েকটা সুযোগও তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত আর সাফল্য মেলেনি। এই সময়ে দুই দুইবার শালকের দুর্দান্ত দুটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দিয়ে শুরুর ভুলের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করেন কাসিয়াস।
দিনের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের দল বাসেলকে ৪-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে পর্তুগালের পোর্তো। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
