শেষ আটের পথে ছন্দহারা রিয়ালের বাধা শালকে
শালকের মাঠে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়েই রেখেছে রিয়াল মাদ্রিদ। সেরা ষোলোর ফিরতি লেগে জার্মান দলটির বিপক্ষে তাই বড় কোনো অঘটন এড়ালেই শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে যাবে কার্লো আনচেলত্তির দল।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।
প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল রিয়াল। তাই এই ম্যাচে ড্র করলে কিংবা আগের লেগের স্কোরের তুলনায় কম ব্যবধানে হারলেও সেরা আটে পৌঁছে যাবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
