ফেনীকে হারিয়ে সেমিতে মোহামেডান
ফেনী সকারকে হারিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ফেনীর বিপক্ষে তাদের জয়টি ২-১ গোলের।
মোহামেডানের জয়ে দারুণ অবদান রাখেন বিপুল আহমেদ ও ইসমাইল বাঙ্গুরা; দুজনেই একটি করে গোল করেন। আর ফেনীর ব্যবধান কমানো গোলটি করেন সোহেল মিয়া।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে মোহামেডান। ২২তম মিনিটে এগিয়ে যাওয়া গোল পেয়ে যায় তারা। সাঈদ জুয়েলের কাছ থেকে পাওয়া বল কোনাকুনি শটে জালে জড়ান বিপুল।
৩৯তম মিনিটে বাঙ্গুরার গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকে হেড করেন বাঙ্গুরা, কিন্তু তা ফেনী গোলরক্ষক হাসান হাবিব দিপু ফিরিয়ে দিলেও বাঙ্গুরার ফিরতি শট আটকাতে ব্যর্থ হন।
শেষ মুহূর্তে গোলের দেখা পায় ফেনী। ৯০তম মিনিটে দাউদা সিসের বাড়ানো বল মাপা শটে মোহামেডানের গোলরক্ষককে পরাস্ত করেন সোহেল। কিন্তু তাতে ফেনী কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে।
গত মঙ্গলবার প্রথম কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
