সিটি সমর্থকের সঙ্গে নেইমারের বাদানুবাদ
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে স্বাগতিকদের এক সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার।
ম্যাচের ৮০তম মিনিটে নেইমারকে মাঠ থেকে তুলে নেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ১০ জনে পরিণত হয়ে যাওয়া সিটির বিপক্ষে বার্সেলোনা তখন ২-১ গোলে এগিয়ে।
নেইমার তার দলের জয়ের মুহূর্ত না দেখে সিটির এক সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। সিটির ওই সমর্থক পর্তুগিজ ভাষায় তাকে কিছু বলছিলেন।
কিছুক্ষণ ঝগড়ার পর পরিস্থিতি ঠাণ্ডা হয়। এরপর নেইমার আরেক সমর্থকের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর নেইমার আবার ওই সমর্থকের সঙ্গে বিষয়টি নিয়ে ঝামেলা শুরু করেন।
ম্যাচ শেষে টানেলে না গিয়ে ব্রাজিলের তারকা ওই সমর্থকের কাছে যান। তিনি আবার বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরে অবশ্য মাঠের এক কর্মীর হস্তক্ষেপে বিষয়টির সমাধা হয়।
সিটির ইয়াইয়া তুরের নাম লেখা জার্সি গায়ে পড়া ওই সমর্থক নেইমারকে ডাইভ দেয়ার অপবাদ দিচ্ছিলেন।
ম্যাচ শেষে নেইমার অবশ্য বিষয়টি উড়িয়ে দেন। ব্রাজিলের সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি শুধু তার সঙ্গে খেলছিলাম। সে আমাকে অভিশাপ দিতে শুরু করে এবং আমি মজা করে শেষ করেছি।”
মঙ্গলবার রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লুইস সুয়ারেসের জোড়া গোলে ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে বার্সেলোনা।
