শীর্ষে সুসংহত বায়ার্ন
টানা তিন ম্যাচ জিতে বুন্দেসলিগার চলতি মৌসুমের তালিকায় শীর্ষস্থান আরো পোক্ত করেছে বায়ার্ন মিউনিখ। এসসি পাডাবনকে তাদের মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।
বায়ার্ন মিউনিখের জয়ে রবের্ত লেভানদোভস্কি ও আরিয়েন রবেন দুটি করে গোল করেন। আর একটি করে গোল করেন ফ্রাঙ্ক রিবেরি ও মিচেল ভাইজার।
২৪তম মিনিটে আরিয়েন রবেনের বাড়ানো বল ডান পায়ের শটে প্রতিপক্ষের জালে জড়িয়ে বায়ার্নকে এগিয়ে দেন লেভানদোভস্কি। ৩৭তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে দেন পোল্যান্ডের এই স্ট্রাইকার; তার গোলে দারুণ অবদান রাখেন ফ্রান্সের উইঙ্গার রিবেরি।
৬২তম মিনিটে রবেনকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে নেদারল্যান্ডস ফরোয়ার্ডের কোনো ভুল হয়নি। এর নয় মিনিট পর রবেনের পাস থেকে রিবেরি স্কোরলাইন ৪-০ করে দেন।
৭৮তম মিনিটে ভাইজার এবং ৮৬তম মিনিটে রবেন ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে বায়ার্নের বড় ব্যবধানের জয় লেখা হয়ে যায়।
এ জয়ে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট হলো পেপ গার্দিওলার দলের।
