২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে অগ্নিকাণ্ডে আহত চারজন চট্টগ্রামের

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহতের পাশাপাশি যে চারজন আহত হয়েছেন, তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 09:52 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

এছাড়া সেখানে থাকার আরও তিনজনের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন চট্টগ্রামে থাকা তাদের স্বজনরা।

আবুধাবির মুসাফফায় শুক্রবার ভোরে একটি ভবনে আগুন লেগে তিনজন বাংলাদেশিসহ ১০ জন নিহত হন।

এ ঘটনা নিয়ে আমিরাতের বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর আমান উল্লাহ চৌধুরী স্বাক্ষরিত একটি বার্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয় শুক্রবার রাতে। তার একটি অনুলিপি চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে পাঠানো হয়েছে।

ওই বার্তা উদ্ধৃত করে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজমুদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে তিনজন বাংলাদেশি নিখোঁজ আছেন।

“এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন তাদের মধ্যে চার জন বাংলাদেশি এবং আহতরা সবাই চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।”

নিখোঁজ তিনজন হলেন- আবদুস শুক্কুর, সেলিম উদ্দিন ও এনামুল হক।

আবদুস শুক্কুরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের পশ্চিম সুয়াবিল আলমের ঘোনা এলাকায়। তার বাবার নাম মীর আহমেদ।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শুক্কুরের স্ত্রী ও তিন বছরের একটি সন্তান রয়েছে।

ফটিকছড়িরর আরেক বাসিন্দা সেলিম উদ্দিন নাজিরহাটের বাবু নগর এলাকার নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সাংবাদিকরা সেলিমের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, চার বছর আগে আবুধাবি যাওয়া সেলিমের স্ত্রী এবং আরমান (৮) ও শাহদাত (১০) নামের দুই পুত্র সন্তান আছে।  

বুধবার রাতে সেলিমের সঙ্গে পরিবারের সদস্যদের শেষবার ফোনে কথা হয়। বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে ফোন করা হলেও কল রিসিভ না করায় সেলিমের সঙ্গে কথা হয়নি।

নিখোঁজ আরেক জন এনামুল হক রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার আবদুস সোবহানের ছেলে।

আহত চারজন হলেন- শফিউল আজম, দিদারুল আলম, মো. মঈনউদ্দিন ও ইসমাইল। এরা সবাই রাউজান উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জহিরুল আলম বলেন, আহতদের মধ্যে শফিউল আলম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

“অন্য তিন জনের মধ্যে ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আবুধাবির মাকরাস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়, আবুধাবির সাত নম্বর সেক্টরের একটি ভবনের নিচতলায় ইয়াসিন ইলেকট্রনিক্স অ্যান্ড হুইলস ব্যালেন্স নামের প্রতিষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার ভোর পৌনে ৪টায় আগুনের সূত্রপাত হয়।

এসময় ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১০০ জনের মতো লোক ছিলেন। আগুন লাগার পর তাদের মধ্যে কেউ কেউ দরজা-জানালা ভেঙে বেরিয়ে আসেন।

দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ১০ জনের লাশ উদ্ধার করে।

বার্তায় বলা হয়, “উদ্ধার লাশের পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ পরীক্ষা করা হবে। কয়েকদিন পর তাদের পরিচয় জানা যাবে। তবে ঘটনার পর থেকে তিন বাংলাদেশির খোঁজ পাওয়া যাচ্ছে না।”

বার্তাটি উদ্ধৃত করে জহিরুল আলম মজুমদার বলেন, নিহতের মধ্যে নিখোঁজ তিন জনও থাকতে পারে। লাশ সনাক্ত করা গেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা নিহতদের সনাক্ত করা ও আহতদের চিকিৎসার দেখাশোনা করছেন বলেও বার্তায় জানানো হয়।