২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে টপকে বার্সার শীর্ষে ওঠার সুযোগ

দারুণ ফর্মে থাকা বার্সেলোনার সামনে এসেছে লিগের শীর্ষে ওঠার সুযোগ। তবে সে লক্ষ্যে মালাগার বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট পেতে হবে লুইস এনরিকের দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 10:12 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

শনিবার লা লিগায় নিজেদের মাঠ কাম্প নউতে মালাগার বিপক্ষে খেলবে বার্সেলোনা।

৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের খেলা পর দিন হওয়ায় শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে বার্সেলোনা; ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

তাই মালাগাকে হারালে তো কথাই নেই, ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠবে বার্সেলোনা। এনরিকের ভাবনাতেও আছে শীর্ষস্থানের হাতছানি, কিন্তু বাস্তবতাকে ভুলছেন না তিনি।

"টেবিলের শীর্ষে ওঠাটা শুধু আমাদের ওপরই নির্ভর করছে না। আমাদের নিজেদের জিততে হবে এবং দেখতে হবে অন্যদের কী হয়।"

বার্সেলোনা শীর্ষে উঠতে পারলেও রোববার এলচের মাঠে জিতলেই ফের এক নম্বরে উঠে আসবে রিয়াল।

সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জিতে যেন উড়ছেন মেসি-নেইমাররা। এই ১১ ম্যাচে বার্সেলোনা মোট গোল করেছে ৩৯টি, হজম করেছে মাত্র ৮টি।

গত তিন ম্যাচের দুটিতেই তারা প্রতিপক্ষের জালে পাঁচবার করে বল পাঠিয়েছে। তাই আরেকটি বড় জয়ের আশা করতেই পারে বার্সেলোনা সমর্থকেরা।