২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিগোর ভাবনায় ৪৮ দলের বিশ্বকাপ!

ফিফা সভাপতি নির্বাচিত হলে আরও বড় পরিসরে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে ভাববেন লুইস ফিগো। ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে '৪০ বা ৪৮' দল নিয়ে আয়োজন করার প্রস্তাব দিয়েছেন পর্তুগালের সাবেক এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 07:46 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

আগামী ২৯ মার্চ জুরিখে হতে যাওয়া ফিফা নির্বাচনে বর্তমানে সভাপতি জেপ ব্লাটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফিগো, জর্ডানের যুবরাজ আলি এবং হল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মাইকেল ফন প্রাগ।

ওই নির্বাচনের জন্য বৃহস্পতিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় বিশ্বকাপের দল বাড়ানো নিয়ে ব্যক্তিগত মতামত দেন ফিগো।

"আমার বিশ্বাস, এই প্রতিযোগিতার পরিসর বাড়িয়ে ৪০ বা ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের বিষয়টা আমাদের বিবেচনা করা উচিত।"

ফিগোর মতে, বিশ্বকাপে দল বাড়লে পুরো টুর্নামেন্টের সময় ৩ থেকে ৪ দিনের বেশি বাড়বে না। আর দল বাড়ানো হলে অতিরিক্ত দলগুলো ইউরোপের বাইরে থেকে আসবে বলে বিশ্বাস ২০০১ সালের ফিফা বর্ষসেরা এই তারকার।

ফিগোর মতে, ৪৮ দলের বিশ্বকাপের ক্ষেত্রে পুরো টুর্নামেন্টকে প্রথমে দুইভাগে ভাগ করে দুই মহাদেশে আয়োজন করা যায়। পরে চূড়ান্ত নকআউট পর্ব এক দেশে আয়োজন করা যেতে পারে।