বল কেড়ে নিয়ে বালোতেল্লির পেনাল্টি কিক!
দলকে জেতাতে জয়সূচক গোল করেছেন মারিও বালোতেল্লি; কিন্তু সেখানেও বিতর্কের জন্ম দিয়েছেন লিভারপুলের এই স্ট্রাইকার। অধিনায়কের হাত থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি শট নেন ইতালির এই খেলোয়াড়।
বালোতেল্লি নতুন এই বিতর্কের জন্ম দেন বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেরা ৩২ এর প্রথম লেগে। তুরস্কের দল বেসিকতাসের বিপক্ষে ঘরের মাঠ অ্যানফিল্ডে গোল করার অনেকগুলো সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল লিভারপুল।
অবশেষে ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে কাঙ্খিত জয় পাইয়ে দেন বালোতেল্লি। তার আগেই অধিনায়ক হেন্ডারসনের সঙ্গে 'ঝামেলা' করেন তিনি।
চোটের কারণে লিভারপুলের নিয়মিত অধিনায়ক স্টিভেন জেরার্ড না খেলায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন হেন্ডারসন।
রেফারি পেনাল্টি দেয়ার পর স্পট কিক নিয়ে হেন্ডারসন আর ড্যানিয়েল স্টারিজ তা নিয়ে আলোচনা করছিলেন। তারই এক পর্যায়ে ইংলিশ মিডফিল্ডার হেন্ডারসনের হাত থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি শট নেন বালোতেল্লি।
জেরার্ডের মতে, বালোতেল্লি হেন্ডারসনকে অসম্মান করেছে।
"মারিওর প্রশংসা প্রাপ্য, সে গোল করেছে, কিন্তু ফুটবলারদের তর্ক করাটা শোভনীয় নয়। আমি মনে করি, জর্ডান পরিস্থিতিটা খুব ভালোভাবে সামলেছে।"
