ফেডারেশন কাপের শেষ আটে শেখ রাসেল
নিজেদের প্রথম ম্যাচে উত্তরা বারিধারাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের কিংসলে চিগুজি ও জাহিদ হাসান এমিলি দুটি করে গোল করেন। অপর গোলটি দেন পল এমিল।
প্রথমার্ধেই আক্রমণাত্মক ফুটবল খেলে তিন গোল তুলে নেয় শেখ রাসেল। ২৩তম মিনিটে চিগুজি প্রথম গোল করার পর ২৭ ও ৩৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন এমিলি।
৫৩তম মিনিটে পল ব্যবধান আরো বাড়িয়ে নেন। আর শেষ দিকে চিগুজি দুই গোল করে শেখ রাসেলের বড় জয় নিশ্চিত করেন।
টানা দুই হারে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ল উত্তরা বারিধারা। আগের ম্যাচে ফেডারেশন কাপের বর্তমান রানার্সআপ মুক্তিযোদ্ধার কাছে ৪-০ গোলে হেরেছিল তারা।
উত্তরা বারিধারা দুই ম্যাচ হারায় গ্রুপ-২ থেকে ফেডারেশন কাপের শেষ আটে খেলা নিশ্চিত হয়ে গেছে প্রথম ম্যাচে জয় পাওয়া মুক্তিযোদ্ধারও।
তিন পয়েন্ট করে পাওয়া শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে খেলতে আগামী রোববার মুখোমুখি হবে।
