শালকেকে হারিয়ে রিয়াল কোচের স্বস্তি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে রিয়াল মাদ্রিদের স্বরূপে ফেরার আভাস মিলেছে। শালকের মাঠে পাওয়া জয়টা বড় ব্যবধানের না হলেও ম্যাচে আধিপত্য ধরে রাখতে পারায় সন্তুষ্ট কোচ কার্লো আনচেলত্তি।
বুধবার রাতে প্রতিযোগিতার সেরা ষোলোর প্রথম পর্বে জার্মান ক্লাব শালকেকে ২-০ গোলে হারায় রিয়াল। আগামী ১০ মার্চ ঘরের মাঠের ফিরতি লেগে বড় কোনো অঘটন না ঘটলে বর্তমান চ্যাম্পিয়নদের কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত।
গত বছরে স্প্যানিশ কোনো ক্লাবের হয়ে টানা জয়ের রেকর্ড গড়া রিয়াল ২০১৫ সালের শুরু থেকে হঠাৎই খেই হারিয়ে ফেলে। গত মাসে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রে থেকে ছিটকে পড়ার পর কদিন আগে প্রতিবেশী দলটির মাঠেই লিগে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা।
এমন বাজে পারফরম্যান্সে সমালোচনাও সইতে হচ্ছিল রোনালদো-বেল-বেনজেমাদের। তবে এবার হয়তো কিছুটা হাঁফ ছাড়তে পারেন তারা। ম্যাচ শেষে আনচেলত্তিও যেমন তার আনন্দের কথা জানান।
"আমি খুশি কারণ লিগে খারাপ একটা সময়ের পর এটা সহজ ছিল না।"
এ দিনও প্রতিপক্ষের মাঠে বল দখলে রাখার লড়াইয়ে প্রথমদিকে রিয়াল কিছুটা পিছিয়েই ছিল, তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি তারা। ২৬তম মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়েও যায় তারা। আর ৭৯তম মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর দারুণ গোলে জয়টাও নিশ্চিত করে দলটি।
রোনালদো-গ্যারেথ বেলদের পায়ে ছন্দ ফিরতে দেরি হলেও ৯০ মিনিটের হিসেবে ৬১ শতাংশ পর্যন্ত সময়ে বল তাদের অধিকারেই ছিল। সুযোগও বেশি পেয়েছিল ১০বারের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "আমাদের উঁচু মানের ফুটবল খেলার প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের ম্যাচে নিয়ন্ত্রন নিতে হয়েছে।"
এছাড়া এ দিন একটা ইতিহাসেও নাম লিখিয়েছে রিয়াল; ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের গড়া টানা ১০ জয়ের রেকর্ড স্পর্শ করে তারা।
