কোয়ার্টার-ফাইনালে আবাহনী ও চট্টগ্রাম আবাহনী
ঢাকা আবাহনীর পর চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে ফেডারেশন কাপ থেকে ছিটকে গেল ফরাশগঞ্জ। আর তাদের হারে ‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনাল খেলা নিশ্চিত হলো দুই আবাহনীর।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ১-০ গোলে ফরাশগঞ্জকে হারায় চট্টগ্রাম আবাহনী।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জটলার ভেতর থেকে খালেদ আহমেদের শট পোস্টে লেগে ফরাশগঞ্জের জালে জড়ায়। এ গোলেই পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল ফরাশগঞ্জ। টানা দুই হারে দলটি গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় গ্রুপের অন্য দুটি দলের শেষ আট নিশ্চিত হয়।
আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ীরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে খেলবে।
