২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটের আশা বেঁচে থাকল ফেনী সকারের

টিম বিজেএমসিকে হারিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল ফেনী সকার। বিজেএমসির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জিতেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 09:35 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ফেনী সকারের মদৌ লামিন দুটি ও সোহেল মিয়া একটি গোল দেন।

প্রথমার্ধে ফেনী সকারকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি বিজেএমসি। ৫০তম মিনিটে মিডফিল্ডার সোহেলের গোলে এগিয়ে যায় ফেনী।

৭৬তম মিনিটে ইকবাল ভূইয়ার বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লামিন। যোগ করা সময়ে গাম্বিয়ার এই ফরোয়ার্ড ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনী।

গ্রুপ-১-এ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গ্রুপের প্রথম ম্যাচে ফেনী সকারকে হারিয়েছিল তারা। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী।

শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে টিম বিজেএমসি। কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে এ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে বিজেএমসিকে।