চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচই সমতায়
চেলসির সঙ্গে ড্র করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পিএসজি। একই দিনে বায়ার্ন মিউনিখ ও শাখতার দোনেৎস্কের ম্যাচটিও ড্র হয়েছে।
মঙ্গলবার নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম পর্বে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে পিএসজি। আর বায়ার্ন গোলশূন্য ড্র করে ফেরে শাখতারের মাঠ থেকে।
ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিল পিএসজি; কিন্তু খেলার ধারার বিপরীতে ম্যাচের ৩৬তম মিনিটেই এগিয়ে যায় চেলসি।
জন টেরির ক্রস থেকে বল পান গ্যারি কাহিল। অসাধারণ এক ফ্লিকে তিনি বল পৌঁছে দেন ব্রানিস্লাভ ইভানোভিচের কাছে। আর দারুণ এক হেডে ইভানোভিচ বল জালে জড়ান।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই চেলসির গোলটি ফিরিয়ে দেন এদিনসন কাভানি। এরপর দুই দলই বেশ কিছু গোলের সুযোপ পেয়েও কাজে লাগাতে পারেনি।
স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় পর্বে মার্চের ১১ তারিখে মাঠে নামবে দুই দল।
মঙ্গলবারই আরেক ম্যাচে শাখতারের মাঠে বায়ার্নের ড্রর হতাশা আরও বেড়েছে চাভি আলোন্সোর লাল কার্ডে।
এই ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে আলোন্সোর শততম। মাইলফলকের এই ম্যাচে ৬৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।
