ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধার উড়ন্ত সূচনা
উত্তরা বারিধারা ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা লড়াই শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বর্তমান রানার্সআপদের জয়টি ৪-০ গোলের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুক্তিযোদ্ধার পক্ষে এনামুল হক দুটি এবং বিপ্লব ও আনোয়ার একটি করে গোল করেন।
অষ্টম মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেয়া গোলটি করেন ফরোয়ার্ড এনামুল হক। ১-০ স্কোরলাইন ধরে রেখেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো খেললেও শেষ দিকে মুক্তিযোদ্ধার আক্রমণে এলোমেলো হয়ে যায় উত্তরা বারিধারার রক্ষণভাগ। এ অর্ধে তিন গোল তুলে নেয় এনামুল-বিপ্লবরা।
৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বিপ্লব। মুক্তিযোদ্ধার এই মিডফিল্ডারের গোলে দারুণ অবদান রাখেন এনামুল।
তিন মিনিট পর এনামুল স্কোরলাইন ৩-০ করেন। যোগ করা সময়ে গোলরক্ষককে পরাস্ত করে দলের চতুর্থ গোলটি করেন আনোয়ার।
গ্রুপ-২-এ মুক্তিযোদ্ধা ও উত্তরা বারিধারা ক্লাবের সঙ্গে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ২০১২-১৩ মৌসুমের তিন শিরোপা জেতা শেখ রাসেলের বিপক্ষে আগামী রোববার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মুক্তিযোদ্ধা।
