২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছন্দহীন রিয়ালের সামনে চেনা প্রতিপক্ষ

গত মৌসুমের মতো এবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে রিয়াল মাদ্রিদের সামনে বাধা শালকে। তবে এবার হয়তো জার্মান দলটিকে উড়িয়ে দেয়ার কথা ভাবছে না কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 08:36 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম পর্বে শালকের মাঠে খেলতে নামবে রিয়াল।

গত মৌসুমে দুই লেগ মিলিয়ে শালকেকে ৯-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে ওঠে রিয়াল। এবারও সেই চেনা প্রতিপক্ষ, কিন্তু সাম্প্রতিক সময়ে স্পেনের সফলতম দলটির নিজেদের পারফরম্যান্সেই যে ধারাবাহিকতার বড্ড অভাব।

গত দেড় মাসে কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে রিয়াল। লা লিগার শীর্ষস্থান ধরে রাখলেও কদিন আগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ায় তাদের বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে গেছে।

গেল মৌসুমে শালকেকে ৬-১ গোলে বিধ্বস্ত করতে দুটি করে গোল করেছিলেন রিয়ালের আক্রমণভাগের তিন তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

এই মৌসুমের শুরু থেকেও দারুণ খেলছিলেন রিয়ালের সেরা তারকা রোনালদো। কিন্তু এ বছরে যেন নিজেকেই হারিয়ে খুঁজছেন তিনি; এই সময়ে মাত্র চার গোল করেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

সবদিক চিন্তা করেই হয়তো মিডফিল্ডার টনি ক্রুস প্রতিপক্ষকে কোনোরকম অবহেলা না করতে সতীর্থদের সতর্ক করে দিলেন। তবে কোচ আনচেলত্তির বিশ্বাস, ইউরোপ সেরার লড়াইয়ের এই ম্যাচে স্বরূপে ফিরবে তার শিষ্যরা।      

এই ম্যাচ প্রসঙ্গে সাংবাদিকদের আনচেলত্তি বলেন, "আমরা লা লিগার শীর্ষে আছি এবং ইউরোপেরও আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এটা সত্যি যে ২০১৫ সালে আমরা ভালো অবস্থায় নেই, কিন্তু আমি আশা করি, চ্যাম্পিয়ন্স লিগের ফেরাটা আমাদের মধ্যে থেকে সেরাটা বের করে আনবে।"

এদিন একই সময়ে সেরা ষোলোর অন্য ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের ক্লাব বাসেল ও পর্তুগালের দল পোর্তো।