এফএ কাপের শেষ আটে ইউনাইটেড
ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল প্রেস্টন নর্থ এন্ডকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ আটে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল।
সোমবার প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জয় পায় ইউনাইটেড। ম্যাচের চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
৪৭তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল লিগ ওয়ানের দল স্বাগতিক প্রেস্টন।
৬৫তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান খেলোয়াড় আন্দের এররেরা। ৭ মিনিট পর মারুয়ান ফেলাইনি ইউনাইটেডের পক্ষে ব্যবধান ২-১ করেন। এরপর ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে ওয়েইন রুনির গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
