২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুধার্তদের জন্য ইব্রাহিমোভিচের হলুদ কার্ড

গোল উদযাপন করতে গিয়ে জামা খুলে হলুদ কার্ড দেখেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে খামখেয়ালিপনা নয়, পিএসজির তারকা স্ট্রাইকার কাজটি করেছেন মহৎ উদ্দেশে। সারা বিশ্বের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে এ কাণ্ড করেন সুইডেন স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 08:58 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

রোববার বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগাম) জানায়, ক্ষুধার বিপক্ষে সচেতনতা তৈরি জন্য তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইব্রাহিমোভিচ। এ মহৎ কাজে বাকিদের দৃষ্টি আকর্ষণ করতে জার্সি খুলে গোল উদযাপন করেন সুইডেনের এই স্ট্রাইকার। কেননা, ক্ষুধার্ত মানুষেদের নাম নিজের শরীরে আঁকিয়েছিলেন ইব্রা।

জার্সি খুলে ফেলার কারণ হিসেবে সুইডেনের এই স্ট্রাইকার বলেন, “আমি যেখানেই যাই না কেন, সবাই আমাকে চেনে; আমাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে। কিন্তু অনেক নাম আছে, যাদের কেউ মনে রাখে না। এ মুহূর্তে বিশ্বের ৮০৫ মিলিয়ন ক্ষুধার্ত মানুষের জন্য কোনো উচ্ছ্বাস নেই।”

“সারা বিশ্বে আমার সমর্থক আছে। এখন থেকে আমি চাই, যে মানুষগুলো ক্ষুধায় ভুগছে, এই সমর্থন তারাও পাক। তারাই আসল চ্যাম্পিয়ন”, যোগ করেন বার্সেলোনা ও ইন্টার মিলানের এই সাবেক স্ট্রাইকার।

ইব্রাহিমোভিচের শরীরের ওই উল্কিতে ক্ষুধার্ত ৫০ জনের নাম লেখা ছিল। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের চাওয়া, যখন সবাই তার নাম শুনবে, তারা ওই ক্ষুধার্ত মানুষের নামগুলোকেও মনে করবে।