নেইমারের সৌভাগ্যপ্রসূত গোল
লেভান্তের বিপক্ষে লিওনেল মেসির পাস থেকে যে গোলটা করলেন নেইমার তাতে ভাগ্যের জোরটাই বেশি ছিল। ব্রাজিলের এই তারকার মতেও, গোলটা সৌভাগ্যপ্রসুত ছিল।
রোববার রাতে কাম্প নউয়ে সপ্তদশ মিনিটে দলকে এগিয়ে দেন নেইমার। ডান দিক থেকে মেসির কোনাকুনি ক্রসে শট নিয়েছিলেন গত মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়া এই তারকা। শটটা অবশ্য ঠিকমতো নিতে পারেননি তিনি, কিন্তু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে যায়।
ম্যাচ শেষে ওই গোলের প্রসঙ্গে নেইমার বলেন, "আমি কিভাবে বলে হিট করলাম, জানি না। আমার মনে হয়, আমি কিছুটা ভাগ্যবান ছিলাম।"
গেল সপ্তাহে আথলেতিকে বিলবাওয়ের মাঠে ৫-২ ব্যবধানে বার্সেলোনা জিতলেও পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছিলেন নেইমার। তাই লেভান্তের জালে বল পাঠিয়ে পেনাল্টি মিসের হতাশা কিছুটা হয়তো মিটল তার।
নেইমারের ভাবনা অবশ্য ভিন্ন। "আমি গোল করতে না পারলেও কোনো ব্যাপার ছিল না। যাহোক, আজ আমি একটা গোল পেয়েছি। কিন্তু না পেলেও জীবন চলতো।"
এই মৌসুমে লিগে এ পর্যন্ত ১৭ গোল করেছেন নেইমার।
এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে আনল বার্সেলোনা। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির দল। সমান ২৩ ম্যাচে মেসিদের পয়েন্ট ৫৬।
