'টানা জয় নয়, শিরোপাই গুরুত্বপূর্ণ'
মেসিময় রাতে আরেকটি বড় ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। আর এর মাধ্যমে টানা ১১ জয় পেল কাতালুনিয়া ক্লাবটি। তবে টানা জয়ের এই সংখ্যাকে বাড়তি কোনো গুরুত্ব দিতে চাচ্ছেন না দলটির কোচ লুইস এনরিকে। তার কাছে শিরোপা জেতাটাই আসল কথা।
রোববার লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দেয় দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা।
সংবাদ সম্মেলনে টানা এতগুলো জয়ের ব্যাপারে এনরিকে বলেন, "টানা ম্যাচ জয়ের সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। আসল কথা হলো, এটা আমাদের শিরোপা জিততে সাহায্য করবে।"
টানা জয়ের পথে অধিকাংশ ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। এই ১১ ম্যাচে তারা মোট গোল করেছে ৩৯টি, হজম করেছে মাত্র ৮টি।
দলের এমন দুর্দান্ত পথচলাটা ধরে রাখতে চান নেইমার।
"আমরা দারুণ ফর্মে আছি এবং সবকিছুই এখন খুব সহজ মনে হচ্ছে। আমরা যেভাবে খেলতে সক্ষম হয়েছি আবারও তেমন খেলতে চাই।"
লেভান্তের বিপক্ষে এই ম্যাচে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক করেন মেসি। আর ১টি করে গোল করেন নেইমার ও লুইস সুয়ারেস।
এই হ্যাটট্রিকের সাহায্যে একই সঙ্গে দুটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। লা লিগায় ক্রিস্তিয়ানো রোনালদোর গড়া ২৮ হ্যাটট্রিকের রেকর্ড ছোঁয়ার সঙ্গে আথলেতিক বিলবাও কিংবদন্তি তেলমো সাররার কোনো স্পেনের ক্লাবের হয়ে সর্বোচ্চ ৩১ হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করেন তিনি।
একই দিনে দুটি রেকর্ডে ভাগ বসানোর পর কোচ ও সতীর্থদের প্রশংসায় ভাসছেন মেসি।
কোচ লুইস এনরিকের মতে, দলের যে কোনো সমস্যা দূর করার ক্ষমতা রাখেন মেসি।
"লিও আমাদের জন্য অনেক দেয়, আর এটাই চাবিকাঠি। (মাঠের) মাঝে খেলোয়াড়েরা জটলা করলে খেলাটা কঠিন হয়ে যায়, কিন্তু আমরা জানতাম সে আমাদের সব সমস্যার সমাধান করবে।"
মেসিকে সতীর্থ হিসেবে পাওয়টাই পেদ্রোর কাছে বাড়তি এক পাওয়া।
"তাকে সতীর্থ হিসেবে পাওয়া এবং তার সঙ্গে ড্রেসিং রুমে থাকাটা একটা সুবিধা। সে অদ্বিতীয় এবং ব্যতিক্রমী এক খেলোয়াড় এবং সবসময় সে নিজেকেই ছাড়িয়ে যায়। তার সেরা থাকার একটা আকাঙ্খা আছে।"
২৩তম রাউন্ডের এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ফের ১ পয়েন্টে কমিয়ে আনল বার্সেলোনা। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির দল। সমান ২৩ ম্যাচে মেসিদের পয়েন্ট ৫৬।
