হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল আতলেতিকো
আতলেতিকো মাদ্রিদের টানা দ্বিতীয় লা লিগা জয়ের স্বপ্নে বড় এক ধাক্কাই লাগল। সেল্তা ভিগোর কাছে হেরে গেছে স্পেনের গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
রোববার নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেল্তা ভিগোর জয়টি ২-০ গোলে।
মাঝমাঠের তিন তারকা কোকে, আরদা তুরান ও রাউল গার্সিয়াকে ছাড়া খেলতে নামা আতলেতিকো গোলের ভালো কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
গোল না পেলেও প্রথমার্ধে গোল খায়নি দিয়েগো সিমেওনের দল। তবে ৫৯তম মিনিটে আগুদো দুরানের গোলে এগিয়ে যায় সেল্তা। ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা।
এই হারের পর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে আতলেতিকো। ২৩ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।
দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৬। কাম্প নউতে আগের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে লেভান্তেকে ৫-০ গোলে হারায় লুইস এনরিকের দল।
