মিলান, রোমার ড্রয়ের দিনে ইন্টারের জয়
সেরি আতে নিজেদের মাঠে রোমা ও এসি মিলান ড্র করলেও আতালান্তার মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান।
রোববার নিজেদের মাঠ সান সিরোয় এম্পোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে এসি মিলান। আর আতালান্তার বিপক্ষে ৪-১ গোলের জয় পায় ইন্টার।
সান সিরোয় ৪০তম মিনিটে মাত্তেয়া দেস্ত্রোর গোলে এগিয়ে যায় এসি মিলান। দ্বিতীয়ার্ধে এম্পোলিকে সমতায় ফেরান মাসিমো মাকারোনে। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লাল কার্ড পান স্বাগতিক দলের দিয়েগো লোপেস।
আতালান্তার মাঠে দ্বিতীয় মিনিটেই জারদান শাচিরির পেনাল্টি গোলে এগিয়ে যায় ইন্টার। স্বাগতিকদের সমতায় ফেরান মাক্সি মোরালেস। এরপর ৩৭ ও ৬৩তম মিনিটে জোড়া গোল করে স্কোরলাইন ৩-১ করে দেন অতিথি দলের ফ্রেদি গুয়ারিন। আর ৭২তম মিনিটে রদ্রিগো পালাসিও ব্যবধান বাড়িয়ে ইন্টারের বড় জয় নিশ্চিত করেন।
এই ফলের পর লিগের তালিকায় ইন্টার ও এসি মিলান পাশাপাশি আছে। ২৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকায় দশম স্থানে রয়েছে ইন্টার। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে একাদশ অবস্থানে।
ড্র করলেও ৪৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রোমা। লিগের তালিকায় শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৫৩।
