হামবুর্গকে গোল বন্যায় ভাসাল বায়ার্ন
হামবুর্গকে গোল বন্যায় ভাসিয়ে বুন্দেসলিগার তালিকায় শীর্ষস্থান আরো শক্ত করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠ আলিয়াঞ্জ আরেনায় ৮-০ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।
হামবুর্গের জালে বায়ার্ন মিউনিখের হয়ে টমাস মুলার, আরিয়েন রবেন ও মারিও গোটসে দুটি করে গোল করেন। এছাড়া রবের্ত লেভানদোভস্কি ও ফ্রাঙ্ক রিবেরি একটি করে গোল পান।
এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট ২১ ম্যাচে বেড়ে হলো ৫২। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে হামবুর্গ।
২১তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে বায়ার্ন মিউনিখকে প্রথম এগিয়ে দেন মুলার। প্রথমার্ধেই গোটসে ও রবেন স্কোরলাইন ৩-০ করে দেন। দ্বিতীয়ার্ধে আরো পাঁচ গোল তুলে নিয়ে লিগের চলতি মৌসুমে ১৬তম জয় তুলে নেয় গার্দিওলার দল।
শনিবার বরুসিয়া ডর্টমুন্ড ৪-২ গোলে মেইঞ্জকে হারিয়েছে। আর নিজেদের মাঠে ভলফসবুর্গের কাছে ৫-৪ গোলে হেরেছে বেয়ার লেভারকুসেন।
