ইপিএলএ টিভি চুক্তিতে 'হুমকির' মুখে লা লিগা
ইংলিশ প্রিমিয়ার লিগের টিভি সম্প্রচার সত্ত্ব নিয়ে রেকর্ড চুক্তির কারণে ক্লাবগুলোর আয় অনেক বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় লা লিগা হুমকির মুখে পড়বে বলে মনে করেন স্পেনের শীর্ষ লিগটির সভাপতি হাভিয়ের তেবাস।
লা লিগা সভাপতির মতে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা এবার হয়তো ইংল্যান্ডে পাড়ি দেবেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ থেকে পরের তিন মৌসুম খেলা সরাসরি সম্প্রচারের সত্ত্বের জন্য স্কাই ও বিটি স্পোর্ট রেকর্ড ৫১৩ কোটি ৬০ লাখ পাউন্ড দিচ্ছে।
স্কাই ও বিটি বর্তমান চুক্তি ছিল ৩০০ কোটি পাউন্ডের। নতুন চুক্তিতে অর্থের পরিমাণ ৭০ শতাংশ বাড়ল।
গত কয়েক বছরে জনপ্রিয়তার দিক দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগকে কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে লা লিগা। বিশ্বসেরা তারকাদের উপস্থিতিই স্পেনের ফুটবলকে এমন জনপ্রিয় করে তুলেছে।
তবে এবার হয়তো চিত্রপটে পরিবর্তন আসতে পারে। আর এটা স্পেনের ফুটবলের জন্য বড় সমস্যা হবে বলে মনে করেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
"আমাদের বড় সমস্যা হবে। আমরা আর বছরের সেরা লিগ থাকবো না।"
ফুটবল বাজারেও এটা বড় প্রভাব ফেলবে বলে করেন তেবাস। তার মতে, ইংলিশ প্রিমিয়ার লিগে বিশাল অঙ্কের এই চুক্তির ফলে বাজারে লা লিগার দাম কমবে।
আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গারও মনে করেন, নতুন এই চুক্তির ফলে সেরা খেলোয়াড়েরা ইংল্যান্ডে আসবে।
এই সংকট কাটিয়ে উঠতে স্পেনের ফুটবলকে শিগগিরই নতুন টিভি সম্প্রচার চুক্তি করতে হবে বলে মনে করেন তেবাস।
ইউরোপের বড় লিগগুলোর মধ্যে একমাত্র লা লিগাতেই শুধু ক্লাবগুলো নিজেদের টিভি সত্ত্বের চুক্তি নিজেরা করে থাকে। তবে তেবাসের ধারণা, টিভি সম্প্রচার সত্ত্ব বিক্রির ক্ষেত্রে এই নিয়ম পাল্টে দ্রুত তা কেন্দ্রিভূত না করলে বড় সমস্যায় পড়বে স্পেনের ফুটবল।
নয়তো অর্থনৈতিকভাবে লা লিগা পঞ্চম সারির প্রতিযোগিতায় নেমে আসবে বলে শঙ্কা প্রকাশ করেন তেবাস।
