২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেপোর্তিভোর বিপক্ষে পথহারা রিয়াল

প্রতিবেশীদের মাঠে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে রিয়াল মাদ্রিদের লড়াইটা এবার ঘুরে দাঁড়ানোর। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে না পারলে লা লিগার শীর্ষস্থান হারাতে হতে পারে স্পেনের সফলতম দলটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 09:30 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত ১১টায় দেপোর্তিভোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে হারলেও ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখে রিয়াল। তবে তাদের ওই হারের সুযোগে বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমায়; ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মেসিরা। আর তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৫০।

তাই রিয়াল ফের কোনো অঘটনের শিকার হলে পরের দিনই বার্সেলোনার সামনে সুযোগ থাকবে শীর্ষে ওঠার। আগামী রোববার লেভান্তের বিপক্ষে খেলবে লুইস এনরিকের দল।

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি দলের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ হতাশ। বড় দিনের আগ পর্যন্ত টানা ২২ ম্যাচ জিতে রেকর্ড গড়া তার এই দলই কিনা নতুন বছরে হঠাৎ পথ হারিয়ে বসে।

লিগে ভালেন্সিয়ার কাছে হার দিয়ে রিয়ালের এই ব্যর্থতার শুরু। কয়েক দিন পর আতলেতিকোর কাছে হেরে কোপা দেল রে থেকেও ছিটকে পড়ে ইউরোপের সফলতম দলটি। আর সবশেষে গত শনিবারের ওই বড় ব্যবধানের হার।

আতলেতিকোর কাছে হারের পর দলের সবাই হতাশ ছিল বলে জানান আনচেলত্তি। তবে সব হতাশা মুছে কক্ষপথে ফিরতে আত্মবিশ্বাসী তিনি।

“(ক্লাব সভাপতি) ফ্লোরেন্তিনো পেরেস আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তার উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা এই সমস্যার সমাধান খুজে বের করার চেষ্টা করব।”

“ড্রেসিং রুম শান্ত আছে। খেলোয়াড়েরা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং আমি নিশ্চিত আমরা ঘুরে দাঁড়াবো।”