চ্যাম্পিয়ন শেখ জামালের গ্রুপে বিজেএমসি ও ফেনী সকার
চলতি মৌসুমে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি লড়বে টিম বিজেএমসি ও ফেনী সকার ক্লাবের সঙ্গে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বৃহস্পতিবার এই ড্র অনুষ্ঠিত হয়।
আগের সূচি অনুযায়ী সোমবার ফেডারেশন কাপ শুরুর কথা থাকলেও বাফুফের পেশাদার লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একদিন পিছিয়ে মঙ্গলবার শুরু হবে এ আসর।
‘বি’ গ্রুপে পড়েছে গত আসরের রানার্সআপ মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ; এই গ্রুপে তাদের সঙ্গে আছে ২০১২-১৩ মৌসুমের তিন শিরোপা জেতা শেখ রাসেল ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আসা দল উত্তরা বারিধারা ক্লাব।
‘সি’ গ্রুপে ঘরোয়া ফুটবলের অন্যতম সফল দল আবাহনী স্পোর্টিং লিমিটেডের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। আর মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ-এই তিন দল নিয়ে হয়েছে ‘ডি’ গ্রুপ।
পেশাদার লিগ কমিটি জানায়, ফেডারেশন কাপের ম্যাচগুলো শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে। কমলাপুর স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফের কাজ চলায় এ মাঠে কোনো ম্যাচ হবে না।
গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। বিকাল ৪টা ও ৬টায় হবে ম্যাচ দুটি। লিগ কমিটির দেয়া সূচি অনুযায়ী ১ ও ২ মার্চে হবে দুটি সেমি-ফাইনাল ও ৫ মার্চে হবে ফাইনাল।
ফেডারেশন কাপের চ্যাম্পিয়নের জন্য পাঁচ লাখ ও রানার্সআপ দলের জন্য তিন লাখ টাকা পুরস্কার দেয়া হবে। কোনো পৃষ্ঠপোষক না থাকায় এ আসরের পুরো ব্যয় নিজেদের তহবিল থেকে দেয়ার কথা জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
প্রিমিয়ার লিগের ১১ দল ও চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) এক দল-এই ১২ দল নিয়ে হবে এবারের ফেডারেশন কাপ।
আগের সূচি অনুযায়ী সোমবার ফেডারেশন কাপ শুরুর কথা থাকলেও বাফুফের পেশাদার লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একদিন পিছিয়ে মঙ্গলবার শুরু হবে এ আসর।
