ফাইনালে এক পা বার্সেলোনার
ভিয়ারিয়ালকে সহজেই হারিয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা। বুধবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-১ ব্যবধানে জিতেছে প্রতিযোগিতার সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ কাম্প নউয়ে বার্সেলোনার গোল তিনটি করেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্দ পিকে। ভিয়ারিয়ালের একমাত্র গোলটি করেন ত্রিগুয়েরোস।
মৌসুমের শুরু থেকেই মেসি-নেইমার ভালো ফর্মে আছেন, গেল ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ে গোল খরা কাটান লুইস সুয়ারেসও। সঙ্গে গত সপ্তাহে এই ভিয়ারিয়ালের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জেতার সুখস্মৃতিও ছিল বার্সেলোনার।
ভিয়ারিয়ালেরও আত্মবিশ্বাসের কমতি ছিল না। টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর বার্সেলোনার কাছে হারলেও গত শনিবার গ্রানাদাকে হারিয়ে আবারও জয়ের পথে ফেরে মৌসুমের চমক জাগানো দলটি।
তাই ঐতিহ্য আর শিরোপা সাফল্যে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মাঝে বিস্তর ফারাক থাকলেও বুধবারের ম্যাচটা লড়াইয়ের আভাস দিয়েছিল। তবে শেষ পর্যন্ত বড় জয়ই পায় কাতালুনিয়ারা।
ম্যাচের শুরুতে কারো পায়েই তেমন ছন্দের দেখা মেলেনি। বার্সেলোনা বল দখলের পাশাপাশি বারবার আক্রমণে উঠলেও প্রথম ২৫ মিনিটে কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। ২৬তম মিনিটে ডান দিক থেকে গোলমুখে দারুণ একটি ক্রস দিয়েছিলেন মেসি, কিন্তু বলে পা লাগানোর জন্যে সুয়ারেসের গতি যথেষ্ট ছিল না।
৩২তম মিনিটে বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জেরেমি মাথিউ একবার জালে বল জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়।
