সুখস্মৃতি নিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে নামছে বার্সা
ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় জয়ের সুখস্মৃতি নিয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে খেলতে নামবে বার্সেলোনা।
বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বে কাম্প নউতে বাংলাদেশ সময় রাত ১টায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা।
এই ম্যাচের আগে একটু যেন ফুরফুরে মেজাজেই আছে বার্সেলোনা। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে আথলেতিক বিলবাওকে ৫-২ গোলে হারায় তারা। ম্যাচটিতে গোল পান তাদের আক্রমণ-ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমার।
এই জয়ের পর আনন্দের একটা ধারা বয়ে যায় কাম্প নউতে। ক্লাবের সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউও সেই খুশি চেপে রাখেননি। নিজের খুশির কথা জানিয়ে তিনি বলেন, বার্সেলোনা দিনে দিনে ভালো করে চলেছে।
ম্যাচের আগে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে কোচ লুইস এনরিকেও ওই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসের কথা বলেন।
“দলের ফল যখন ইতিবাচক হয়, তখন দলের আত্মবিশ্বাসও সবসময় আরও উঁচুতে উঠতে থাকে।”
এই জয়ের সঙ্গে বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে ১ ফেব্রুয়ারির একটি জয়ও। কাম্প নউতে সেদিন লা লিগায় ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
এই ম্যাচটিই আবার ভিয়ারিয়ালকেও আশাবাদী করে তুলছে। নতুন বছরে এই একটি মাত্র ম্যাচই হারে তারা। কিন্তু হারার আগে বেশ ভালো লড়াই করেছিল তারা। ম্যাচটিতে দুবার এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে এর চেয়েও ভালো কিছু করতে চায় তারা।
টুর্নামেন্টে আতলেতিকোর কাছে হেরে রিয়াল মাদ্রিদ আর কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার কাছে হেরে আতলেতিকো বিদায় নিয়েছে।
