২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে ‘বাঁচাতে’ এজেন্ট

আতলেতিকো মাদ্রিদের মাঠে দল বিধ্বস্ত হওয়ায় এমনিতেই হতাশা ঘিরে ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের। তার ওপর লজ্জাজনক ওই হারের পর ক্রিস্তিয়ানো রোনালদো ঘটা করে জন্মদিন পালন করায় ক্ষেপেছে ভক্তরা। তবে পর্তুগিজ এই ফরোয়ার্ডের এজেন্ট জানান, দল হেরে যাওয়ায় রোনালদোরও মন খারাপ ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 10:12 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

আর কিছুটা বাধ্য হয়েই নাকি ওই পার্টিতে গিয়েছিলেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকা।

গত শনিবার লা লিগায় আতলেতিকোর কাছে ৪-০ গোলে হেরে যাওয়া ম্যাচের পুরোটা সময় জুড়েই প্রায় নিষ্প্রভ ছিলেন রোনালদো। আর ওই হারের কয়েক ঘণ্টা পর নাকি নিজের ৩০তম জন্মদিন পালন করেন রিয়ালের সবচেয়ে বড় তারকা।

ওই পার্টিতে আরও ছিলেন হামেস রদ্রিগেস, কেইলর নাভাস ও মার্সেলো। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্পেনের কোনো খেলোয়াড়ই সেখানে ছিলেন না।

চারিদিকে ছড়িয়ে পড়া ওই পার্টির ছবি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এর তীব্র সমালোচনা শুরু করে। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও নাকি ক্ষেপেছেন বলে গণমাধ্যমে খবর বোরোয়।

পরিস্থিতি ঠাণ্ডা করতেই হয়তো মুখ খুললেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস। তার মতে, রোনালদো এখনও বিশ্বের সেরা পেশাদার খেলোয়াড়।

স্পেনের একটি রেডিওকে তিনি বলেন, “ওই হারে রোনালদোর মন খুব খারাপ ছিল। তিনি আমাকে বলেছিলেন, খুব অল্প সময়ের জন্য তিনি ওখানে থাকবেন।”

রোনালদো নাকি মেন্দেসকে আরও জানিয়েছিলেন, ওই পার্টিতে ৪০-এর বেশি শিশু ছিল। আর তাই সেখানে তার যাওয়ার খুব প্রয়োজন ছিল।

গত বৃহস্পতিবার একত্রিশে পা রাখেন তিনবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।