২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের দুশ্চিন্তা কাটল সুয়ারেসের

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার বড় জয়ে গোল-খরা কাটল লুইস সুয়ারেসের। গোল না পাওয়া নিয়ে উরুগুয়ের এই স্ট্রাইকারের দুশ্চিন্তাও কেটে গেল এতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 03:19 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

গত বছরের ২৫ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পেনের লা লিগার ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনা-অভিষেক হয় সুয়ারেসের।

বার্সেলোনা অভিষেকের পর থেকে বিলবাওয়ের বিপক্ষে গোলটি নিয়ে লা লিগায় সুয়ারেসের গোল-সংখ্যা দাঁড়াল ৩টি। আর সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৬ গোল করেন তিনি।

গোল না পেলেও সতীর্থদের গোলে ভূমিকা রেখে যাচ্ছিলেন সুয়ারেস। এ পর্যন্ত বার্সেলোনার ১২টি গোলে অবদান রাখেন তিনি।

সুয়ারেস গোল না পেলেও তাকে নিয়ে কোচ, সতীর্থ আর সমর্থকদের কেউ অখুশি ছিলেন না। তবে বিলবাওয়ের বিপক্ষে জয় পাওয়ার পর সুয়ারেস জানান, তিনি নিজে একটু দুশ্চিন্তায় ছিলেন।

"আমি নার্ভাস নই। কিন্তু দলকে সাহায্য করছি না বলে মনে হওয়াটাই দুশ্চিন্তায় ফেলছিল আমাকে।"

বিলবাওয়ের বিপক্ষে ২৬তম মিনিটে গোল পান সুয়ারেস। মাঝ মাঠের একটু সামনে থেকে সুয়ারেস বল বাড়ান মেসিকে। বল পায়ে কিছুটা দৌড়ে ডি বক্সের সামনে ছুটে আসা লিভারপুলের সাবেক তারকাকে ফিরতি পাস দেন তিনি। বল পেয়েই দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই মৌসুমেই কাম্প নউয়ে আসা সুয়ারেস।

রোববার রাতে স্পেনের লা লিগায় বিলবাওয়ের মাঠে ৫-২ গোলে জেতে বার্সেলোনা। কাতালুনিয়া দলটির পক্ষে সুয়ারেস ছাড়াও একটি করে গোল করেন মেসি, নেইমার, ও পেদ্রো; অন্য গোলটি আত্মঘাতী।

সুয়ারেস গোল পাওয়ায় একটা স্বস্তির বাতাস বইছে গোটা বার্সেলোনা দলেই। ম্যাচ শেষে নেইমারের কথায়ও সেটা ধরা পড়ল। 

"লু্ইস সুয়ারেসের গোলটি প্রাপ্য ছিল। সে কঠিন পরিশ্রম করে, আমাদের সাহায্য করে এবং এটা সে অর্জন করেছে।"