শেষ মুহূর্তের নাটকীয়তায় হার এড়াল ম্যান ইউ
টানা দুই ম্যাচ জেতার পর আবারও পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে যোগ করা সময়ের গোলে হার এড়ানোটাও লুইস ফন গালের দলের জন্য কম স্বস্তির নয়।
রোববার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯তম মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ডি বক্সে জটলার মধ্যে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে ভলি করে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের ডিফেন্ডার সেকু কুইয়াত।
পিছিয়ে পড়ার চার মিনিট পর ম্যাচে প্রথম সুযোগ পায় অতিথিরা। কিন্তু নেদারল্যান্ডসের স্ট্রাইকার রবিন ফন পের্সির হাফ ভলিটা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।
যোগ করা সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহোর পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ডাচ ডিফেন্ডার ডালে ব্লিন্ড।
এক মিনিট পরেই ইংলিশ ডিফেন্ডার লুক শ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। তবে আর কোনো অঘটন ঘটতে দেয়নি ইউনাইটেড।
এই ড্রয়ের ফলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারালো ইউনাইটেড। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। তৃতীয় স্থানে থাকা সাউথ্যাম্পটনের পয়েন্ট ৪৫।
এর আগে গত শনিবার অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে চেলসি; ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। আর দ্বিতীয় স্থানে থাকা সিটি ঘরের মাঠে হাল সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯।
শনিবারের অন্য দুই ম্যাচে মৌসুমের চমক সাউথ্যাম্পটন একমাত্র গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারায়। আর টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরে যায় আর্সেনাল।
